সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর নামে উত্তরা ও গোপালগঞ্জের জমি জব্দ এবং তার ব্যাংক হিসাবের ১০ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
আজ সোমবার, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এটি দুদকের আবেদন অনুসারে দেয়া হয়েছে। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক রাকিবুল হায়াত সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের দাবি করেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ জানান, রাজউক থেকে বরাদ্দ পাওয়া লিকুর উত্তরা এলাকায় ৩ কাঠা জমি রয়েছে। এছাড়া গোপালগঞ্জ সদরে তার ১৪ শতাংশ জমি রয়েছে। তার ব্যাংক হিসাবের মধ্যে একটি হিসাবের টাকা ৫ লাখ ৮৬ হাজার ৪১২ টাকা এবং অন্য সঞ্চয়ী হিসাবের মধ্যে ৫ লাখ টাকা রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালনকালে হাফিজুর রহমান লিকু ক্ষমতার অপব্যবহার করেন। এতে মোট ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকা মূল্যমানের আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নিজের দখলে রেখেছেন। এটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
দুদক আরও জানায়, লিকু তার স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের জন্য তার মালিকানাধীন স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন। গত বছরের ১৪ অক্টোবর একই আদালত লিকু ও তার স্ত্রী রহিমা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল

