রাজধানীর গাবতলীতে এক নারীকে মারধর করে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে বাংলা সিনেমার খলচরিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ৩৫ বছর বয়সী ওই নারী নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে। আগামী ৬ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, মামলায় ডিপজলের পাশাপাশি ফয়সাল নামের একজনকেও আসামি করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ফয়সাল ডিপজলের একান্ত সচিব। মামলার আরজিতে বাদী দাবি করেছেন, তিনি ডিপজলের একজন ভক্ত। গত ২ জুন গাবতলীর গরুর হাটে গেলে লোকজনের জটলা দেখে তিনি এগিয়ে যান। পরে জানতে পারেন, সেখানে ডিপজল উপস্থিত আছেন। এরপর তিনি ডিপজলের অবস্থানকক্ষের সামনে গিয়ে তাঁর প্রতি মুগ্ধতা প্রকাশ করে কিছু কথা বলেন।
অভিযোগ অনুযায়ী, ডিপজল এতে বিরক্ত হয়ে ওই নারীকে কক্ষ থেকে চলে যেতে বলেন। কিন্তু তিনি সেখানে অবস্থান করায় ডিপজল ক্ষিপ্ত হন এবং মারধর করে বের করে দিতে বলেন। এরপর তাঁর সহযোগীরা ওই নারীকে কক্ষ থেকে জোর করে বের করে মারধর করেন।
বাদী জানান, প্রতিবাদ করায় ডিপজলের নির্দেশে তাঁর হাত–পা বেঁধে ফেলা হয় এবং বেদম মারধর করা হয়। একপর্যায়ে তাঁর গায়ে অ্যাসিড ছুড়ে মারা হয়। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ওই নারী আদালতে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও মারধরের ছবি দাখিল করেছেন।

