কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলার অন্যতম আসামি শাহ পরানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার আমলি আদালত-১১-এর বিচারক মমিনুল হক এ আদেশ দেন। শাহ পরান এ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।
পুলিশ জানায়, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে তার নগ্ন ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী শাহ পরান। এ ঘটনায় ৬ জুলাই শাহ পরানকে ১০ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ৩ জুলাই বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে শাহ পরানকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাকে মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ৫ জুলাই সকালে আদালতের মাধ্যমে শাহ পরানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

