কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বুধবার ভোরে কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার কামাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেনকে গত রবিবার মালুমঘাট বাজার থেকে গ্রেফতার করা হয়। চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব পাল মামলার আসামি সাজ্জাদকে সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় তার স্বজনরা হঠাৎ পুলিশের ওপর হামলা চালিয়ে সাজ্জাদকে ছিনিয়ে নেয়।
ঘটনাটির পর এসআই সঞ্জীব পাল বাদী হয়ে সাজ্জাদ ও ছয়জনের নামে এবং চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর সোমবার দুপুরে সঞ্জীব পালকে পুলিশের সদর দফতরে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশ সাজ্জাদকে কলাতলী থেকে গ্রেফতার করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে।

