নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সজলের হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। এর আগে আইভীর পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন।
মামলার তথ্যমতে, সজল সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার এক জুতা কারখানার শ্রমিক ছিলেন। গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায়, ডাচ্-বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে সজল নিহত হন। এই ঘটনায় চলতি বছরের ১৬ মে সজলের মা সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় এক থেকে দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আইভীর তিনটি মামলায় জামিন আবেদন বাতিল হয়েছে। মামলার পক্ষে থাকা আইনজীবী আওলাদ হোসেন বলেন, “বিজ্ঞ আদালতে আমরা সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিনের জন্য আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা ন্যায়বিচার পাইনি। তাই উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জাকির বলেন, “সাবেক মেয়র আইভীর নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা করা হয়েছিল। সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত সজল হত্যা মামলায় বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছে।” উল্লেখ্য, গত ২ জুন নারায়ণগঞ্জের একই আদালত সাবেক মেয়রের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছিল।

