সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ‘বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট’ বিচারকদের অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে। আজ বুধবার সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, “গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কতজন বিতর্কিত, দলীয় আনুগত্য ভিত্তিক বিচারককে অপসারণ করা হয়েছে, তা দ্রুত জনসমক্ষে প্রকাশ করতে হবে।” আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, “দলীয় নীতিতে রায় প্রদানকারী বিচারকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা নিতে হবে।”
বিভিন্ন রায়ে রিমান্ড না দেয়া, রাজনৈতিক নেতাদের জামিন না দিয়ে অমানবিক আচরণ, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে পক্ষপাতমূলক রায় দেওয়ার জন্য এই ধরনের বিচারকদের দ্রুত অপসারণের দাবি জানান তিনি। সভায় সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনসহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “বাংলাদেশের বিচার বিভাগের পবিত্রতা রক্ষায় বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট বিচারকদের অবিলম্বে সরিয়ে দিতে হবে।”

