এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত। এসব হিসাবে জমা রয়েছে ১১৩ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা। বুধবার (৯ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগেও সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা ধরনের আর্থিক পদক্ষেপ নিয়েছে আদালত। গত ৭ অক্টোবর আদালত সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
গত ১৬ জানুয়ারি আদালত তাদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দেন। এরপর ৩ ফেব্রুয়ারি ৩৬৮ কোটি ২৫ লাখ টাকার ১৭৫ বিঘা সম্পদ জব্দ করা হয়। ১২ ফেব্রুয়ারি আরও ৫ হাজার ১০৯ কোটি টাকা মূল্যের ৪৩৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়।
২৩ ফেব্রুয়ারি আদালত ৮ হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন। ১০ মার্চ জব্দ হয় এক হাজার ছয় বিঘা জমি। ৯ এপ্রিল আরও ৯০ বিঘা জমি জব্দের পাশাপাশি তার ঘনিষ্ঠজনদের নামে থাকা ৩৭৪টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়। ১৭ এপ্রিল সাইফুল আলমের আরও এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এতে জমা রয়েছে দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ টাকা।
২৩ এপ্রিল আদালত ৪০৭ কোটি টাকা মূল্যের ১৫৯ একর জমি জব্দ করেন। ২৭ এপ্রিল সাইফুল আলম ও তার ঘনিষ্ঠজনদের নামে থাকা এক হাজার ১৪ বিঘা জমি, যার মূল্য ৫৫৯ কোটি ৪৮ লাখ টাকা, জব্দের নির্দেশ দেওয়া হয়। ১৭ জুন জব্দ করা হয় ১৮০ কোটি টাকার ২০০ একর জমি।

