চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ পণ্য জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বিমানবন্দর নিরাপত্তা বিভাগ (এভসেক) এবং বিমানবাহিনী টাস্কফোর্স। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
বিমানবন্দর সূত্র জানায়, ওই রাতে আবুধাবি থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন তিন যাত্রী—মো. রিপন, মো. মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম। ইমিগ্রেশন শেষ করে তারা ব্যাগেজ নিয়ে গ্রীন চ্যানেল অতিক্রম করছিলেন। এ সময় সন্দেহজনক আচরণ লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী তাদের থামিয়ে ব্যাগ তল্লাশি করে।
তল্লাশিতে বেরিয়ে আসে আমদানি নিষিদ্ধ পণ্যের বিশাল এক চালান। জব্দ করা হয় প্রায় ২ হাজার ৫০০টি নিষিদ্ধ বিউটি ক্রিম, ১০০ কার্টন মন্ড সিগারেট, ৭টি মোবাইল হ্যান্ডসেট ও ১টি ল্যাপটপ। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ ৯০ হাজার টাকা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, “যৌথ অভিযানে আমদানি নিষিদ্ধ বিভিন্ন পণ্যসহ তিন যাত্রীকে আটক করা হয়। যেহেতু এটি তাদের প্রথমবারের অপরাধ, তাই জব্দ করা মালামাল রাখার পাশাপাশি তাদের কড়া সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।”
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে গ্রীন চ্যানেলের অপব্যবহার করে নিষিদ্ধ পণ্য আনার প্রবণতা বেড়েছে। নিয়মিত তল্লাশি ও নজরদারি বাড়ানো না গেলে এই ধরনের অপকর্ম রোধ কঠিন হয়ে পড়বে।

