চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মো. আজিজুল হকের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ও ৫৪ ধারার আওতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এবং জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, গত ৩ জুলাই আইন ও বিচার বিভাগ এ প্রস্তাব সুপ্রিম কোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট তা পর্যালোচনা শেষে সম্মতি জানিয়ে গতকাল মন্ত্রণালয়ে পাঠায়। এরপরই বিচারকদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
অবসরে পাঠানো বিচারকরা হলেন— বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মো. মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মো. মজিবুর রহমান, মো. এহসানুল হক, মো. জুয়েল রানা, মো. মনির কামাল, সহিদুল ইসলাম, আল মাহমুদ ফায়জুল করীম, মো. নাজিমুদ্দৌলা, এ কে এম মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহী ভূইয়া, আবু জাফর মো. কামরুজ্জামান, মো. রুস্তম আলী, মো. নুরুল ইসলাম, এ কে এম এনামুল করিম এবং মোহাম্মদ হোসেন।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এই সদস্যরা চাকরি থেকে অবসরজনিত সব সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

