রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) পিটিয়ে ও পাথর-ইট দিয়ে থেঁতলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় ঘটনার সময় কেউ তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেনি। চাঁদাবাজি ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এই হত্যাকাণ্ডে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি শুক্রবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নিহত লাল চাঁদ বংশাল থানার রজনী বোস লেনের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। একসময় যুবদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রকাশ্যে হত্যা, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও-
সিসিটিভি ফুটেজ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাল চাঁদকে দোকান থেকে টেনে-হিঁচড়ে বের করে শতাধিক মানুষের সামনে পেটানো হয়। এরপর তাঁকে বিবস্ত্র করে পাকা রাস্তায় ফেলে মাথা ও শরীরের ওপর ইট, পাথর ও কংক্রিটের খণ্ড দিয়ে বারবার আঘাত করা হয়। কেউ কেউ তাঁর শরীরের ওপর লাফিয়ে ওঠেন।
ঘটনার পরপরই নিহতের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থলের কাছাকাছি থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তারা অভিযুক্তদের শনাক্ত করেছে।
অস্ত্রসহ গ্রেপ্তার ৫, একজনের কাছ থেকে পিস্তল উদ্ধার-
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ও র্যাব-১০ মিলে চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুইজন হলেন মাহমুদুল হাসান ওরফে মহিন (৪১) এবং তারেক রহমান ওরফে রবিন (২২)। তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
র্যাব-১০ আরো ৩ জনকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করলেও তাদের নাম এখনো প্রকাশ করেনি। ডিএমপি বলছে, এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ব্যবসায়িক বিরোধ ও পূর্বশত্রুতা। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজনীতি ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া, বহিষ্কার অঙ্গসংগঠনে-
ঘটনার পরপরই বিএনপির অঙ্গ সংগঠনগুলো অভিযুক্তদের মধ্যে চার নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করে। যুবদলের বহিষ্কৃতরা হলেন- কেন্দ্রীয় সাবেক জলবায়ুবিষয়ক সহসম্পাদক রজ্জব আলী ওরফে পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম ওরফে লাকি। ছাত্রদলের বহিষ্কৃত সদস্য হলেন চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাস এবং স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ‘প্রকাশ্যে দিবালোকে সংঘটিত পৈশাচিক ও ন্যক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজকে আরো অন্ধকারে ঠেলে দেবে।’ তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “মিটফোর্ডের ঘটনায় শক্ত ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো নোংরা রাজনীতি।”
প্রতিবাদে উত্তাল রাজপথ-
নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন, গণসংহতি আন্দোলন, সিপিবি, জামায়াতে ইসলামী, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আজও বিভিন্ন সংগঠন কর্মসূচির ঘোষণা দিয়েছে।

