মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানাও করা হয়। রোববার (১৩ জুলাই) দুপুরে বিচারক এম এ হামিদ এই রায় ঘোষণা করেন।
আনোয়ার হোসেনের বাড়ি যশোরের কতোয়ালী উপজেলার ডাকাতিয়া গ্রামে। তিনি মানিকগঞ্জের পূর্ব দাশড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি আনোয়ারের মেয়ে। ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। শিশুটির মা (আনোয়ারের স্ত্রী) মানিকগঞ্জ সদর থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত করেন তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি তিনি আনোয়ারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৩ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন কবির জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আনোয়ারের অপরাধ প্রমাণিত হয়। ভুক্তভোগী শিশু আদালতে তার জবানবন্দিতে ধর্ষকের ফাঁসির দাবি জানায়। এরপর বিচারক মৃত্যুদণ্ড ও জরিমানার রায় দেন।

