সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান সরকারকে ‘পিস টিভি বাংলা’ সম্প্রচার পুনরায় চালু করার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন। গতকাল রবিবার (১৩ জুলাই) তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ দেন।
নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে ‘পিস টিভি বাংলা’র ওপর আরোপিত সম্প্রচার নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। একই সঙ্গে বিটিআরসিকে চ্যানেলের ওয়েবসাইট ও ইউআরএল ব্লক শিথিল করার নির্দেশ দিতে অনুরোধ জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।
‘পিস টিভি বাংলা’ ২০১১ সালের ২২ এপ্রিল চালু হয়েছিল। এটি আন্তর্জাতিক ইসলামিক বক্তা ডা. জাকির নায়েকের পরিচালনায় কাজ করে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত মূল ‘পিস টিভি’ বিশ্বের বিভিন্ন ভাষায় ইসলামিক বিষয় সম্প্রচার করে জনপ্রিয়তা অর্জন করে। বাংলা ভাষাভাষীদের জন্য আলাদা একটি প্ল্যাটফর্ম হিসেবে চালু হয় ‘পিস টিভি বাংলা’।
তবে ২০১৬ সালের জুলাইয়ে ঢাকার গুলশানে সংঘটিত হলি আর্টিজান হামলার পর বাংলাদেশ সরকার চ্যানেলটির স্যাটেলাইট ও অনলাইন সম্প্রচার বন্ধ করে দেয়। ওই সময় তথ্য মন্ত্রণালয় জানায়, ‘পিস টিভি’ কর্তৃপক্ষ সরকারের শর্ত মেনে না চলায় ডাউনলিংক অনুমতি বাতিল করা হয়েছে। তখন থেকেই ‘পিস টিভি বাংলা’ দেশের মধ্যে বন্ধ রয়েছে।
আইনজীবী আশরাফ-উজ-জামান নোটিশে উল্লেখ করেছেন, ‘পিস টিভি বাংলা’ শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য পরিচালিত হয়। তাই এটি বন্ধ রাখার যৌক্তিক কারণ নেই। সরকারের পক্ষ থেকে নিরপেক্ষ মনিটরিং ব্যবস্থা রেখে চ্যানেলটির সম্প্রচার পুনরায় চালু করা যেতে পারে। দ্রুত সিদ্ধান্ত না নিলে দেশের সর্বোচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করার কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি’ ইসলামিক শিক্ষা ও দাওয়াতভিত্তিক অনুষ্ঠান সম্প্রচারে খ্যাত। তবে বিভিন্ন দেশে এর সম্প্রচার নিয়ে বিতর্ক রয়েছে। বাংলাদেশেও নিরাপত্তাজনিত কারণে চ্যানেলটি বন্ধ রাখা হয়েছিল।

