রাজধানীর মোহাম্মদপুরে আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আজ সোমবার শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে তাদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছর ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করা হয়। দু’জনকেই একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয় এবং বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুলের সামনে গুলিবিদ্ধ হন রাকিব হাসান। তাকে শেরে বাংলা নগরের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর রাকিবের চাচা মো. নুরুল আমিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনকে আসামি করে মামলা করেন। কামরুল ইসলাম ও শামসুদ্দিন চৌধুরী মানিক এজাহারভুক্ত আসামি।

