রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ (সোহাগ) হত্যা মামলায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চাওয়া রিটটি হাইকোর্ট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে। হাইকোর্ট বেঞ্চের দুই বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে সোমবার এই সিদ্ধান্ত নেয়া হয়।
রিটে অভিযোগ ছিল, লাল চাঁদ হত্যা মামলার তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠন ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দেয়া হোক। রিটটি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত রবিবার দাখিল করেছিলেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আজমী বলেন, রিটে যা চাওয়া হয়েছে তা ইতোমধ্যে চলমান প্রক্রিয়া। আদালত শুনানি শেষে রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, শুনানির সময় আদালত বলেছেন, প্রক্রিয়া চলছে। এরপর রিটটি তালিকা থেকে ডিলিট করা হয়েছে। তিনি জানান, রিটটি অন্য বেঞ্চে আবার উপস্থাপন করা হবে।
গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে লাল চাঁদকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাকে ডেকে নিয়ে পিটিয়ে, ইট-পাথর দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। পরে তাঁকে বিবস্ত্র করে শরীরের ওপর উঠে লাফানো হয়।
এই ঘটনার পর বৃহস্পতিবার কোতোয়ালি থানা এলাকায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) মামলাটি করেন। এতে ১৯ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

