মানি লন্ডারিং মামলায় উচ্চশিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ।
তিনি জানান, ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গুলশান থানায় চেক ডিজঅনারের প্রায় ৫০ থেকে ৬০টি মামলা রয়েছে। গত বছরের ১৭ অক্টোবর খায়রুল বাশারের নেতৃত্বাধীন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযোগ আনেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
তাদের দাবি, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও তার সহযোগীরা প্রতারণার মাধ্যমে এক হাজারের বেশি শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে অভিযুক্তদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানান।

