জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করেছে সংস্থাটি। আজ সোমবার (১৪ জুলাই) রাজধানীর প্রধান কার্যালয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
হানিফের বিরুদ্ধে দায়ের করা প্রথম মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি ২৭ কোটি ৩৯ লাখ ২ হাজার ৯৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নামে থাকা ১৮টি ব্যাংক হিসাবে ৮৬৬ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার ৭২ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক।
দ্বিতীয় মামলায় হানিফের সঙ্গে তার স্ত্রী ফৌজিয়া আলমকেও আসামি করা হয়েছে। এতে বলা হয়েছে, তারা পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি ফৌজিয়ার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া হানিফের দুই ছেলে—ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলমের বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে দুদক।

