রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার রাজীব বেপারি ও সজীব বেপারিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া রিমান্ডের এ আদেশ দেন। শুনানির আগে তাদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এর আগে গতকাল রোববার (১৩ জুলাই) ভোরে নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকার চায়না মোড় থেকে স্থানীয় পুলিশের সহায়তায় রাজীব ও সজীবকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলায় এর আগে ১০ জুলাই আসামি মাহমুদুল হাসান মহিন ও ১২ জুলাই টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় তারেক রহমান রবিনকে ১০ জুলাই দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১২ জুলাই তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ৯ জুলাই সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তায় একদল লোক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পাশাপাশি পুলিশ আলাদাভাবে একটি অস্ত্র মামলাও দায়ের করে।

