নরসিংদী জেলা জজ আদালতে চাঞ্চল্যকর ঘটনা। কাঠগড়া থেকে পালিয়ে গেলো এক আসামি। আজ ১৪ জুলাই, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পলাতক ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম হৃদয় (২৫)। তিনি রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম দানা মিয়া।
নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই সময় বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। আলো নিভে যাওয়ার মুহূর্তেই কাঠগড়ায় থাকা আসামি রিয়াজুল ইসলাম হৃদয় সুযোগ বুঝে পালিয়ে যায়। তিনি আরও বলেন, রিয়াজুলের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অটোরিকশা চুরির মামলা রয়েছে। গত ৭ জুলাই তাকে এই মামলার একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।
ঘটনার পরপরই আদালত চত্বর এবং আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম অভিযানে নামে। এখনও চলছে তাকে গ্রেপ্তারের চেষ্টা। পরিদর্শক সাইরুল ইসলাম জানিয়েছেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারে থানাসহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে জানানো হয়েছে। এ ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন। বিদ্যুৎ বিভ্রাটে কীভাবে আসামি পালিয়ে গেল, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

