পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুটি স্থাবর সম্পদ এবং সেখানকার স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের দুটি অ্যাকাউন্টসহ মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকের আরও দুটি অ্যাকাউন্ট জব্দ (ক্রোক) ও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আদালতে আবেদন করে জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি পুলিশের আইজি থাকাকালীন এসব সম্পদ অবৈধভাবে অর্জন করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে তার নিজ নাম এবং আত্মীয়স্বজনের নামে থাকা এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এতে তদন্ত শেষে রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। সে কারণে চার্জশিট দাখিলের আগেই এসব সম্পদ জব্দ করা জরুরি বলে মনে করছে দুদক। এর আগে, গত ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে চারটি পৃথক মামলা করে দুদক।

