বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০০০ সালের পূর্বে দায়ের করা ১০ হাজার ৩৮৫টি পুরনো মামলার শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রধান বিচারপতির নির্দেশে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। গতকাল ১৩ জুলাই ২০২৫, রবিবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে হাইকোর্টে ২০০০ সালের আগের বিভিন্ন মামলা ঝুলে রয়েছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার পথকে বাধাগ্রস্ত করছে। তাই পুরনো মামলাগুলো বাছাই করে সংশ্লিষ্ট এখতিয়ারসম্পন্ন বেঞ্চে পাঠানো হয়েছে। শুনানি শুরু হবে আগামী ২০ জুলাই থেকে। এ উদ্দেশ্যে ১৪ জুলাইয়ের কার্যতালিকায় বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রধান বিচারপতির ১০ জুলাইয়ের আদেশ অনুসারে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে।
দীর্ঘদিন ঝুলে থাকা এসব মামলার নিষ্পত্তি শুরু হলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এই উদ্যোগ বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আইনজীবী ও সংশ্লিষ্টরা।

