পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানায় ২০০টি স্বর্ণের আংটিসহ এক নারীকে আটক করেছে নৌ পুলিশ। চোরাচালানের সন্দেহে তাকে গতকাল সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় কাজিরহাট লঞ্চঘাট এলাকা থেকে আটক করা হয়। আটক নারীর নাম করুনা খাতুন (২৫)। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাসিন্দা এবং ইসাক আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করুনা খাতুন নিয়মিতই কাজিরহাট লঞ্চঘাট দিয়ে যাতায়াত করতেন। তার গতিবিধি শুরু থেকেই সন্দেহজনক ছিল। সোমবার সন্ধ্যায়ও তার আচরণে সন্দেহ হলে ঘাটে থাকা নৌ পুলিশকে বিষয়টি জানান স্থানীয়রা। পরে পুলিশ তার ব্যাগ তল্লাশি করে তুলায় মোড়ানো অবস্থায় ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে। যার ওজন ৪৮ ভরি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৭ লাখ ৮০ হাজার টাকা। তিনি স্বর্ণ বহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ‘করুনা খাতুন বিভিন্ন রুটে স্বর্ণ চোরাচালানে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে। এছাড়া চোরাচালান চক্র সম্পর্কেও কিছু তথ্য দিয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।’ তিনি আরও জানান, তার বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হচ্ছে এবং তাকে দ্রুত আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

