পৃথক দুটি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার (আজ) সকালে পুলিশির আবেদন বিবেচনায় এই রিমান্ড অনুমোদন দেন।
একই সঙ্গে ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানায় দায়ের করা রাসেল হত্যা মামলায় পুলিশ জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড আবেদন করেন। তাঁর পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে রিটন উদ্দিন হত্যা মামলায় পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ সকাল আটটার দিকে কারাগার থেকে জাহাঙ্গীর আলম ও কাজী মনিরুল হককে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টার পর তাদের আদালতকক্ষে তোলা হয়। শুনানি শেষে পুনরায় কারাগারে পাঠানো হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। জাহাঙ্গীর আলম গত বছরের ১ অক্টোবর গ্রেপ্তার হন। আর কাজী মনিরুল হককে গ্রেপ্তার করা হয় গত ২১ এপ্রিল।

