আজ বুধবার (১৬ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই সম্পন্ন হবে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “শেখ হাসিনা প্রায়ই তার বাবার মৃত্যুর কথা স্মরণ করেন। তবু তার বাবার হত্যার বিচার করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। আমরা সেই শেখ হাসিনার আমলে বিচার করতে আসিনি। আমাদের লক্ষ্য এমন বিচার নিশ্চিত করা, যা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে।”
তিনি আরও বলেন, “আবু সাঈদের মৃত্যু ১৬ জুলাই ঘটেছে। আমি সে দিন ঘটনাস্থলে ছিলাম না, ১৭ জুলাই বিকেলে জানতে পেরেছি। একজন বাবা হিসেবে এতখানি কষ্ট পেয়েছি যে, বুঝেছি আর ভয় পে থাকার সময় নেই। আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের প্রতি অটল থাকা। সে মৃত্যুর জন্য প্রস্তুত ছিল।” আইন উপদেষ্টা জানান, “গণতান্ত্রিক আন্দোলনে অনেকেই নানা ভাবে প্রাণ হারিয়েছেন। কিন্তু আবু সাঈদের মতোভাবে কেউ মারা যায়নি। এ কারণে শত শত তরুণ আত্মত্যাগের পথ বেছে নিয়েছে। বিচার প্রক্রিয়া এখন পূর্ণ গতিতে এগিয়ে চলছে।”
তিনি রংপুর অঞ্চলের প্রসঙ্গ টেনে বলেন, “রংপুর হয়তো একটু অবহেলিত, তবে এখানকার মানুষ সহজ সরল। দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন একটি সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করছে। নীলফামারীতে একটি বিশেষায়িত হাসপাতালসহ আধুনিক হেলথ সিটি গড়ার পরিকল্পনা রয়েছে। মানুষ যেন চিকিৎসার জন্য সিঙ্গাপুর না গিয়ে রংপুরই যেতে পারে।”
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। সভার সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলী। অন্যান্য উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান প্রমুখ।

