গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে জনসমাবেশ নিষিদ্ধ করেছে।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িবহরটি এলাকা অতিক্রম করার সময় ইটপাটকেল ছোড়া হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে। কিন্তু উত্তেজনা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সংঘর্ষ চলাকালে হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সমাবেশস্থলের মঞ্চ ও চেয়ার রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। শহরের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। যান চলাচলও কার্যত বন্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মোতায়েন করা হয়েছে।

