সাড়ে সাত কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার এবং তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার (১৭ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাগুলো দায়ের করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
দুদকের দায়ের করা এক মামলার এজাহারে বলা হয়, ছলিম উদ্দিন তরফদার সরকারি দায়িত্বে থাকাকালীন ৫ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। তিনি সেসব সম্পদ নিজের দখলে রেখেছেন বলেও অভিযোগ করা হয়েছে। অপর মামলায় ছলিমের স্ত্রী শামীমা আক্তার শিরিনের নামে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলায় বলা হয়, ওই সম্পদ ছলিম উদ্দিন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জন করে স্ত্রীর নামে হস্তান্তর করেন। এ কারণে এই মামলায় শামীমা শিরিনের পাশাপাশি ছলিম উদ্দিনকেও আসামি করা হয়েছে।
দুদক জানায়, ছলিম উদ্দিন তরফদারের ছেলে সাকলাইন মাহমুদের বিরুদ্ধেও প্রাথমিকভাবে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। তার নামে ইটভাটাসহ বেশ কিছু স্থাপনার অস্তিত্ব মিলেছে। এছাড়া বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এজন্য সাকলাইনের সম্পদ বিবরণী জমা দিতে তাকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া আলোচিত সাবেক ডিবি কর্মকর্তা হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধেও অবৈধ সম্পদের মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ৮ কোটি ৫৫ লাখ ৫২ হাজার টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগ আনা হয়েছে। এই মামলাটি করেছেন দুদকের উপসহকারী পরিচালক ফারুক হোসেন। সেটিও একই দিনে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দায়ের করা হয়।

