সাংবাদিক মুন্নী সাহা ও তাঁর স্বামী কবির হোসেনের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত। এসব হিসাবে জমা রয়েছে ১৮ কোটি ১৬ লাখ টাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে গতকাল বুধবার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।
জব্দ করা ব্যাংক হিসাবগুলোর কয়েকটি যৌথ নামে খোলা, যেখানে মুন্নী সাহার সঙ্গে এটিএন নিউজের ক্যামেরাপারসন তপন কুমার সাহা এবং তাঁর মা আপেল রানী সাহার নামও রয়েছে। উল্লেখ্য, তপন কুমার সাহা মুন্নী সাহার ভাই। আদালতে দুদকের পক্ষে হিসাব জব্দের আবেদন করেন সংস্থার উপপরিচালক ইয়াছির আরাফাত।
এদিকে, অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দিয়েছেন একই আদালত। দুদকের আবেদনে বলা হয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে থাকা এই চার হিসাব মিলিয়ে মোট টাকার পরিমাণ ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ২১৮ টাকা।

