দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার বিশেষ জজ আদালত। ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। তবে সম্রাট আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। সম্রাটের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় চান। তবে আদালত আবেদন নাকচ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু করার জন্য ১৭ আগস্ট দিন ঠিক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী জাহিদুর রহমান।
২০১৯ সালের ৬ অক্টোবর দেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। পরে ২০২২ সালের ২২ আগস্ট আদালত সম্রাটের জামিন মঞ্জুর করেন।
সম্রাটের বিরুদ্ধে ২০১৯ সালের ১২ নভেম্বর দুদক মামলা করে। মামলায় অভিযোগ আনা হয় তিনি ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এরপর ২০২০ সালের ২৬ নভেম্বর দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে সম্রাটের বিরুদ্ধে আরও বড় অংকের, মোট ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে ধরা হয়।

