ভোলার চরফ্যাশন উপজেলায় ১০টি গুদামে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা বেইস।
আজ শনিবার (১৯ জুলাই) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল (শুক্রবার) সকাল থেকে রাত পর্যন্ত চরফ্যাশন বাজারে এ অভিযান চালানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্টগার্ড ভোলা বেইস ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ১০টি গুদাম তল্লাশি করে ৫ লাখ মিটার কারেন্ট জাল, ৫ লাখ মিটার চরঘেরা জাল, ১ লাখ মিটার মশারি জাল, ৩ হাজার পিস চায়না দুয়ারি জাল, ৪টি বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১৪ কোটি ৫২ লাখ টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। আর পলিথিন হস্তান্তর করা হয়েছে ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।

