চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকার অবৈধ সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আসা বিএস ৩৪৪ ফ্লাইটে আসা তিনজন যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)–এর টিম।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে এনএসআই টিম ওই তিন যাত্রীকে তল্লাশি করে। আটক তিন যাত্রী হলেন—চট্টগ্রামের হাটহাজারীর মোহাম্মদ শাহ আলম ও মো. আরফান এবং জোরারগঞ্জের আশরাফুল ইসলাম। তাদের কাছ থেকে ১৯ লাখ ৯৫ হাজার টাকার ৫৭০ কার্টুন বিদেশি সিগারেট এবং ৪০ লাখ টাকার ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রকৌশলী ইব্রাহিম খলিল আরও জানান, তিন যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে তাদের জরিমানা করা হয়েছে। পাশাপাশি সতর্ক করে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনায় মামলা করা হবে।

