কারাগারে থাকা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করেছে দেশটির আদালত। শনিবার দক্ষিণ কোরিয়ার প্রসিকিউটর অফিস এক ব্রিফিংয়ে জানিয়েছে, ইয়ুনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অন্য নাগরিকদের অধিকার খর্ব, সরকারি নথি মুছে ফেলার নির্দেশ এবং গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে ইয়ুন সুক ইয়োলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচার শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় এ অপরাধে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। গত জুনে বিশেষ প্রসিকিউটর দলকে তার বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সেই তদন্ত চলাকালীনই নতুন করে এসব অভিযোগ আনা হলো।
এছাড়া ইয়ুনের বিরুদ্ধে গত ডিসেম্বরে প্রেসিডেন্ট থাকা অবস্থায় দক্ষিণ কোরিয়ায় মার্শাল ল জারির অভিযোগেও তদন্ত চলছে। রাষ্ট্রপতি পদ থেকে অভিসংশনের মাধ্যমে বরখাস্ত হওয়া ইয়ুন সুক ইয়োল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে নতুন অভিযোগগুলো নিয়ে জানতে চাইলে তার আইনজীবীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত মাসের শুরু থেকে ইয়ুন সুক ইয়োল সিউল ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। গত সপ্তাহে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেয়

