নীলফামারীর ডিমলায় ‘গ্রামীণ কুটিরশিল্প মেলা-২০২৫’-এর আড়ালে অবৈধভাবে লটারির টিকিট বিক্রির অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিমলা সদর, সর্দারহাট, নাউতারা ও ডাঙ্গারহাটসহ আশপাশের হাট-বাজারে দীর্ঘদিন ধরে গোপনে এই লটারির টিকিট বিক্রি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মো. আব্দুল লতিফকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পঞ্চগড়ের বোদা উপজেলার কুড়ালি পাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আনোয়ার হোসেন এবং ডিমলার খগাখরিবাড়ি ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে সাগর ইসলামকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় লটারি বিক্রির কাজে ব্যবহৃত ১১টি বাক্স ও বিপুল পরিমাণ অবিক্রীত টিকিট জব্দ করা হয়।
নাউতারা বাজারের এক ব্যবসায়ী জামান আলী জানান, এলাকাবাসী অনেক দিন ধরে এই অবৈধ লটারি বন্ধের দাবি জানিয়ে আসছিল। অবশেষে প্রশাসন পদক্ষেপ নেওয়ায় আমরা সন্তুষ্ট। তিনি বলেন, “লটারির ফাঁদে পড়ে অনেক উঠতি বয়সী ছেলে-মেয়ে বিপথে যাচ্ছিল। এই অভিযান তাদের জন্য স্বস্তিদায়ক।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, “সাধারণ মানুষকে প্রলুব্ধ করে লটারির টিকিট বিক্রি প্রতারণার শামিল। এটি আইনবিরুদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাদের দণ্ড দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, জনস্বার্থে এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

