জুলাই মাসের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা সাতটি মামলায় মোট ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ রোববার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। একই সময়ে কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসি পরিচালক জিয়াউল আহসানসহ ১০ জনকে হাজির করা হয়। এছাড়া কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এই মামলাগুলোর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ৯ মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলার আরও ছয়টি মামলা।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর, বিভিন্ন সময়ে এদের গ্রেপ্তার করা হয়। তবে রাষ্ট্রপক্ষ জানায়, তদন্ত এখনো শেষ হয়নি। তাই মামলাগুলোর শুনানির জন্য সময় চেয়ে আবেদন করা হবে।

