গতকাল রোববার দুপুর সাড়ে তিনটার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার ১১ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত হিসেবে সাবেক এক লেফটেন্যান্ট, এক করপোরালসহ চারজনকে পুলিশ আটক করেছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার ও করপোরাল মুকুল। পুলিশ জানায়, ওই বাসার মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। অভিযোগ অনুযায়ী, পাঁচজন ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসায় প্রবেশ করে বোরহান নামের এক ব্যক্তিকে খুঁজছিলেন। এর পর তারা বাসার মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা হারুনুর রশীদ এই বিষয়টি সন্দেহজনক মনে করে ডাকাত দলকে মোটরসাইকেলে ধাওয়া করেন এবং ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। পরে মিরপুর ১২ নম্বরের এনডিসি চেকপোস্টে পৌঁছে ওই গাড়িটি আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, করপোরাল মুকুল শনিবার মিরপুর ১০ নম্বরে একটি চায়ের দোকানে হারুনুর রশীদের সঙ্গে পরিচিত হন। হারুনুর রশীদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যদাতা হিসেবে কাজ করেন। পরিচয়ের পর করপোরাল মুকুল তাকে একটি অস্ত্র থাকার তথ্য দিয়ে ওই বাসায় নিয়ে যান।
আটককৃতদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, সোনা ও হীরার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী এবং কয়েকটি ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, ডাকাতির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।

