বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বার আদালতের সংখ্যা বাড়ানো হলো। এর আগে একটি চেম্বার আদালতে বিচার কার্যক্রম চললেও গতকাল রোববার থেকে দুটি চেম্বার আদালত চালু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই পরিবর্তনের নির্দেশ দিয়েছেন, যা সুপ্রিম কোর্ট প্রশাসন নিশ্চিত করেছে।
এখন থেকে চেম্বার জজ-১ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এবং চেম্বার জজ-২ হিসেবে বিচারপতি ফারাহ মাহবুব দায়িত্ব পালন করবেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ এই দুটি চেম্বার আদালত কার্যক্রম চালাবে। প্রধান বিচারপতি এই দুই আদালতের অধিক্ষেত্রও নির্ধারণ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির মামলাগুলো রোববার থেকে বৃহস্পতিবার প্রতি দিন বেলা সোয়া ১টা থেকে চেম্বার জজ-১ আদালতে শারীরিক উপস্থিতিতে শুনানি হবে। অপরদিকে, হাইকোর্ট বিভাগের রিট এবং আদিম অধিক্ষেত্রাধীন বিষয়ে উদ্ভূত মামলাগুলো রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত চেম্বার জজ-২ আদালতে শারীরিক উপস্থিতিতে শুনানি গ্রহণ করা হবে।

