রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় এক অবসরপ্রাপ্ত মেজরের বাসায় সংঘটিত ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সাবেক লেফটেন্যান্ট ও একজন সাবেক করপোরাল রয়েছেন বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, অভিযুক্তদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ল্যাপটপ ও কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হবে।
ডাকাতির ঘটনাটি ঘটে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর রোডের একটি ফ্ল্যাটে। পুলিশ জানিয়েছে, পাঁচজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওই বাসায় ঢুকে মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
স্থানীয় বাসিন্দা হারুনুর রশীদ ডাকাতদের গতিবিধি দেখে সন্দেহ প্রকাশ করেন এবং ‘চোর চোর’ চিৎকার করতে করতে তাদের মোটরসাইকেলে ধাওয়া দেন। ধাওয়ার একপর্যায়ে মিরপুর-১২ এর এনডিসি চেকপোস্টে ডাকাতদের গাড়ি আটক করে পুলিশ।
ওসি শফিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনই বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য। তারা পেশাদার অপরাধী চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

