ফরিদপুরে ১৩ বছরের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচা নুরুদ্দিন মোল্যাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
নুরুদ্দিন মোল্যা (৫৭) ফরিদপুর সদরের ঈশানগোপালপুর ইউনিয়নের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর পুলিশ তাকে কারাগারে নিয়ে যায়। আদালত নুরুদ্দিনকে পাঁচ লাখ টাকা জরিমানাও করেছেন। এই অর্থ ভুক্তভোগী কিশোরীর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে নুরুদ্দিন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। ভুক্তভোগীকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। পরদিন কিশোরীর বাবা কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, “একজন প্রতিবন্ধী কিশোরীর প্রতি এমন জঘন্য অপরাধ সমাজের জন্য হুমকি। আমরা এই অপরাধের সর্বোচ্চ শাস্তি চেয়েছিলাম। এ রায়ে আমরা সন্তুষ্ট।” এই রায় ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে।

