ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীকে প্রতারণার মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আজ সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ রায় দেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৪ আগস্ট মঞ্জুর আলম শিকদার ও সাদিয়া চৌধুরীকে আসামি করে আদালতে মামলা করেন ভুক্তভোগী আলা উদ্দিন হোসেন। এরপর ২০২৩ সালের ১৫ ডিসেম্বর মামলার চার্জ গঠন করে বিচার শুরু হয়।
এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২১ সালের ১৫ আগস্ট তিনি আলেশা মার্টে ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকায় অফারমূল্যে তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। নির্ধারিত সময় পার হলেও পণ্য না পেয়ে তিনি টাকা ফেরত চান। এ অবস্থায় আসামি ২০২২ সালের ২১ এপ্রিল একটি চেক দেন। কিন্তু সেই চেক ফেরত আসে, কারণ সংশ্লিষ্ট একাউন্টে পর্যাপ্ত টাকা ছিল না। এরপর ভুক্তভোগী আসামিকে আইনি নোটিশ পাঠান। শেষ পর্যন্ত টাকা না পাওয়ায় আদালতে মামলা করেন।

