ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকাসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—লালমোহন ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকার মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) এবং তাজউদ্দিনের ছেলে মো. মার্শাল (২০)। তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০০টি ও ৫০০ টাকার ৩০টি জাল নোট উদ্ধার করেছে পুলিশ, যার মোট মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গজারিয়া এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন এসআই আবু ইউসুফ, মফিজুল ইসলাম ও এএসআই গোলাম কিবরিয়া।
তিনি বলেন, “আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই জাল টাকার কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে জাল নোট সরবরাহ করতেন এবং প্রতি লাখ টাকার জাল নোট ২৫ হাজার টাকায় বিক্রি করতেন।” এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

