চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান চেয়ে করা রিটের আদেশ পিছিয়েছে। আগামী ৩০ জুলাই আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই তারিখ নির্ধারণ করেন। এর আগে, গত ৯ জুলাই শুনানি শেষে আদালত আজ আদেশ দেওয়ার দিন ধার্য করেছিলেন। সে অনুসারে আজ বিষয়টি আদালতের কার্যতালিকার ৭ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে উত্থাপিত হলে বেঞ্চ জানায়, “আমরা বিষয়টি মুলতবি করছি। আগামী বুধবার আদেশ দেওয়া হবে।”
এনসটি পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিটটি করেন। গত ২৬ এপ্রিল প্রথম আলোতে ‘নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনসহ সংশ্লিষ্ট অন্যান্য গণমাধ্যমের তথ্য রিটে সংযুক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতেই ৯ জুলাই রিটের শুনানি শেষ হয়।
রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম এবং আইনজীবী কায়সার কামাল। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম এবং মাহফুজ বিন ইউসুফ।
রিট আবেদনে বলা হয়, দেশি কোম্পানিগুলোকে সুযোগ না দিয়ে এনসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা পিপিপি আইন ও নীতিমালার লঙ্ঘন। এতে প্রশ্ন তোলা হয়, কেন এই প্রক্রিয়াকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। পাশাপাশি, যেকোনো অপারেটরকে দায়িত্ব দেওয়ার আগে ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান নিশ্চিত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না—সে বিষয়েও রুল চাওয়া হয়েছে। রিটে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

