দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে। আদালতের নির্দেশে গঠিত নিলাম কমিটি ইতোমধ্যে এ কার্যক্রম শুরু করেছে।
ঢাকার র্যানকন টাওয়ারের ১২ ও ১৩ তলা মিলিয়ে তৈরি করা হয়েছিল বেনজীর দম্পতির ডুপ্লেক্সটি। সুইমিং পুল, হোম থিয়েটার, অতিথি বিনোদন কক্ষসহ আধুনিক সব সুবিধা যুক্ত এ বাসস্থানের তালিকা দেখে বিস্মিত সংশ্লিষ্ট কর্মকর্তারা। নিলাম কমিটির একজন সদস্য জানিয়েছেন, জব্দ করা ২৪৬টি আইটেমে এমন অনেক কিছু রয়েছে, যা দেখে তাদের মনে হয়েছে ফিলিপাইনের স্বৈরশাসক মার্কোস ও তার স্ত্রী ইমেলদার সম্পদের তালিকা তৈরি করছেন। তালিকাভুক্ত পোশাক ও ব্যক্তিগত সামগ্রীর মধ্যে রয়েছে—১২২টি শার্ট, ২৬৬টি প্যান্ট, ৭২২টি টি-শার্ট, ৪৯৪টি শাড়ি, ৬২২টি লেডিস টপস, ৩৫৫টি লেডিস প্যান্টসহ বিপুল পরিমাণ জামাকাপড়। পাশাপাশি রয়েছে জুতা, ভ্যানিটি ব্যাগ, প্রসাধনী ও গৃহস্থালি সামগ্রী।
এ ছাড়া, ফ্ল্যাটে রয়েছে ১৯টি ফ্রিজ, ১০০ টন ধারণক্ষমতার এয়ার কন্ডিশনিং ব্যবস্থা, মূল্যবান আসবাব ও ইলেকট্রনিক্স পণ্য। তবে বড় আকারের আসবাব আপাতত নিলামের বাইরে রাখা হয়েছে। এ বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশে সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার পর আদালতের নির্দেশে গঠিত নিলাম কমিটিতে দুদকের একজন পরিচালক, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বস্ত্র অধিদপ্তর এবং ইস্পাত প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি রয়েছেন। ইতোমধ্যে বেনজীরের ফ্ল্যাটের সম্পদ তালিকা তৈরি করা হয়েছে। শিগগিরই এসব জিনিসপত্র নিলামের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

