সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
খায়রুল হকের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম। তিনি জানান, সাবেক প্রধান বিচারপতিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি সূত্র জানায়, খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে তিনটি মামলা রয়েছে। এসব মামলার যেকোনো একটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও জালজালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত বছরের ২৫ আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক আবদুল বারী ভূঁইয়া মামলাটি করেন। এছাড়া ঢাকাতেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করেন এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান। ২০১৩ সালের ২৩ জুলাই তাঁকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। পরে আরও কয়েক দফা তাঁকে এ পদে পুনর্নিয়োগ দেওয়া হয়। ২০২৩ সালের ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেন।
খায়রুল হক রাজনৈতিকভাবে সবচেয়ে আলোচিত হন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত মামলার রায়দানকারী হিসেবে। আপিল বিভাগে থাকাকালে তিনি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টে বিচারপতি থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলা ও সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দেন তিনি। এছাড়া চার নদী রক্ষা এবং স্বাধীনতার ঘোষক সংক্রান্ত মামলাতেও তিনি রায় দিয়েছেন।

