চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষে দায়িত্বপ্রাপ্ত সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
চিন্ময়ের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বাধীন একটি আইনজীবী দল। শুনানি উপলক্ষে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় পুরো এলাকায়।
গত বছরের ৩১ অক্টোবর চান্দগাঁও থানাধীন মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা করেন। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে। পরদিন ২৬ নভেম্বর তার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ পিটুনী ও কুপিয়ে হত্যার শিকার হন।

