পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ছয়টি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সাত সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার দুটি বিশেষ জজ আদালত এই আদেশ দেন। বিশেষ জজ আদালত-৫–এর বিচারক আবদুল্লাহ আল মামুন এবং বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম আলাদাভাবে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম ও সুলতান মাহমুদ। এ ছাড়া পিপি তরিকুল ইসলামও অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১১ ও ১৩ আগস্ট এসব মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা হলেন—ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)।
পিপি তরিকুল ইসলাম জানান, পৃথক ছয়টি মামলায় অভিযোগ গঠনের শুনানিতে দুদকের পক্ষ থেকে যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। এর আগে ২০২৪ সালের ২০ জুলাই এই মামলাগুলো ঢাকার বিশেষ জজ আদালতে বদলি হয়। আদালতে হাজিরার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল।
দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম বলেন, মামলাগুলোর বিচার কার্যক্রম দ্রুত সম্পন্নের জন্য ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এগুলো অন্য আদালতে বদলির নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায়, গত এপ্রিল মাসে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিন মামলায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এই মামলাগুলোর তদন্ত শেষে দুদক সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করে। তিন মামলার অভিযোগপত্রে আরও যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে আছেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আরও ১৬ জন।

