ইরানের বিপ্লবী আদালতে কুলসুম আকবরী নামে এক নারী স্বীকার করেছেন যে, গত ২২ বছরে তিনি তার ১১ জন স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
ইরানের গণমাধ্যম কুলসুমকে ‘ব্ল্যাক উইডো’ (কালো বিধবা) বলে অভিহিত করেছে। রাষ্ট্রপক্ষের দাবি, তার বিরুদ্ধে ১১টি হত্যাকাণ্ডের পাশাপাশি একাধিক হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। প্রসিকিউটররা জানিয়েছেন, অর্থ ও সম্পদ লুটের উদ্দেশ্যে বয়স্ক পুরুষদের বিয়ে করে, ডায়াবেটিসের ওষুধ, উত্তেজক ও অ্যালকোহলের মিশ্রণ দিয়ে স্লো পয়জনিংয়ের মাধ্যমে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।
প্রথম হত্যাকাণ্ডটি সংঘটিত হয় ২০০০ সালে। অধিকাংশ শিকার ছিলেন বয়স্ক ও অসুস্থ, যার কারণে তাদের মৃত্যু স্বাভাবিক মনে হওয়ায় দীর্ঘ সময় সন্দেহের বাইরে ছিলেন আকবরী। ২০২৩ সালে সর্বশেষ আজিজুল্লাহ বাবাইয়ের মৃত্যুতে তার ছেলে সন্দেহ হওয়ার পর তদন্ত শুরু হয় এবং আকবরী গ্রেপ্তার হন।
আদালতের নথি অনুযায়ী, আকবরী ১১টি হত্যাকাণ্ড এবং একটি হত্যাচেষ্টার অভিযোগ স্বীকার করেছেন। বুধবার শুনানিতে নিহত চারজনের পরিবার আকবরীর মৃত্যুদণ্ড দাবি করেন। মামলায় ৪৫ জনের বেশি বাদী রয়েছেন এবং শিগগির রায় ঘোষণা প্রত্যাশিত।

