নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক সালিশ আদালত (পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন–পিসিএ) সিন্ধু নদের পানিবণ্টন চুক্তির ওপর ভারতের আরোপিত স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। গত ৮ আগস্ট এই রায় ঘোষণা করে আদালত।
আদালত আরও স্পষ্ট করে জানায়, চুক্তির শর্ত ভঙ্গ করে সিন্ধু নদ বা এর সঙ্গে সম্পর্কিত অন্য কোনো নদীতে বাঁধসহ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা যাবে না। এর আগে, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক নিহত হন। পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ হামলার দায় স্বীকার করে। ঘটনার পরপরই ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে।
এই সিদ্ধান্তে পাকিস্তানের তিন নদী—সিন্ধু, চেনাব ও ঝিলামের পানিপ্রবাহ কমে যায়। ফলে দেশটির কৃষি উৎপাদন মারাত্মক ঝুঁকিতে পড়ে। পাকিস্তান বিষয়টি আন্তর্জাতিক সালিশ আদালতে নিয়ে গেলে ৮ আগস্ট আদালত রায় দেন। রায়ে বলা হয়, চুক্তির মূল শর্ত অনুযায়ী পাকিস্তানের ভূখণ্ডে থাকা পশ্চিমাঞ্চলীয় তিন নদীতে পানির প্রবাহ বাধাহীন রাখতে হবে ভারতকে। আদালত ভারতকে চুক্তির শর্তে ফেরার আহ্বান জানায়।
সিন্ধু চুক্তি স্থগিতের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, নদীর ভারতীয় অংশে বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন করা হবে। এ প্রসঙ্গে আদালত নির্দেশ দেয়, বাঁধ নির্মাণ করলে অবশ্যই চুক্তির শর্ত মেনে তা করতে হবে। রায়ের পর ভারত এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে পাকিস্তান একে স্বাগত জানিয়েছে। গতকাল সোমবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আদালত ভারতকে সিন্ধু নদে পানিপ্রবাহ অব্যাহত রাখতে এবং বাঁধ নির্মাণে মূল চুক্তির শর্ত মানতে বলেছেন।
সিন্ধু অববাহিকার পানিবণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের বিরোধ দীর্ঘদিনের। ১৯৬০ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সিন্ধু পানি চুক্তি হয়। এতে পূর্বাঞ্চলীয় তিন নদী—ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহারের অধিকার পায় ভারত। আর পশ্চিমাঞ্চলীয় তিন নদী—সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অধিকার পায় পাকিস্তান।
চুক্তিতে কোনো পক্ষের একতরফাভাবে স্থগিত বা বাতিল করার সুযোগ নেই। বিরোধ হলে সমাধানের স্পষ্ট বিধান রয়েছে। পাকিস্তানের কৃষি, শহর ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা মূলত এই তিন নদীর পানির ওপর নির্ভরশীল। দেশটির সেচ ব্যবস্থা বিশ্বের বৃহত্তমগুলোর একটি, যা প্রায় সম্পূর্ণভাবে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর অব্যাহত প্রবাহের ওপর নির্ভর করে।

