পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোনে ব্যবহৃত খরচের ওপর আরোপিত ১ শতাংশ সারচার্জ আদায় কেন বন্ধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
আজ সোমবার (১৮ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিটটি দায়ের করেছিলেন ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম আজাদ হোসেন। এর আগে ১০ জুলাই সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ এ রিট আবেদন করেন।
সিসিএস জানায়, এর আগে গত ৪ জুন তারা প্রথম আইনি পদক্ষেপ হিসেবে নোটিশ পাঠায় অর্থ মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিটিআরসি চেয়ারম্যানসহ গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং টেলিটক কর্তৃপক্ষকে। নোটিশে প্রতিষ্ঠানগুলোকে সাত দিনের মধ্যে সারচার্জ বন্ধ করার দাবি জানানো হয়।

