সুপ্রীম কোর্ট হেল্পলাইনে গত এক বছরে সারা দেশ থেকে ৩ হাজার ৭২ জন বিচারপ্রার্থী আইনি সেবা নিয়েছেন। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নির্দেশে গত বছরের সেপ্টেম্বর মাসে হেল্পলাইন চালু করা হয়। হেল্পলাইনের সঙ্গে হোয়াটসঅ্যাপ, অনলাইন অ্যাপ ও ইমেইল সার্ভিসও যুক্ত করা হয়। চালুর পর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য এবং অভিযোগ দাখিল বিষয়ে মোট ৩০৭২টি কল গ্রহণ করা হয়েছে।
- আইনি পরামর্শ: ১৬৬৮টি
- মামলার তথ্য: ১১৫৭টি
- অভিযোগ: ৬১টি (সুপ্রিম কোর্টের এখতিয়ার বহির্ভূত, পরামর্শ প্রদান করা হয়েছে)
গত আট মাসে বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি ও অসদাচরণ নিয়ে মোট ১৮৬টি অভিযোগ এসেছে। এর মধ্যে বিলম্ব সংক্রান্ত অভিযোগ ছিল ৯৬টি। এসবের সমাধান নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে। বাকি ৯০টি অভিযোগের মধ্যে রয়েছে:
- হাইকোর্ট বিভাগের বিচারকের বিরুদ্ধে: ৫টি
- জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে: ৩২টি
- আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে: ১টি
- হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে: ৬টি
- জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে: ৩৭টি
- আইনজীবীদের বিরুদ্ধে: ৯টি
এসব অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মো. শফিকুল ইসলাম আরও জানান, সুপ্রিম কোর্ট হেল্পলাইন সাধারণ মানুষের আইনি সেবা প্রাপ্তিতে সমস্যা দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করছে। হেল্পলাইন সপ্তাহে ৫ দিন (রোববার থেকে বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে।

