খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মধুমতি ব্যাংক পিএলসির সাবেক ভাইস চেয়ারম্যান সেখ সালাহউদ্দিন জুয়েল, তাঁর তিন ভাই ও এক বোনের ১২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের নামে থাকা তিনটি মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) হিসাব এবং তিনটি বিও হিসাবও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশটি দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ। এটি আদালতে সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার দেওয়া হয়েছে।
সেখ সালাহউদ্দিন জুয়েলের ভাই-বোনেরা হলেন সেখ সোহেল, সেখ জালাল উদ্দিন রুবেল, সেখ বেলাল উদ্দিন ও তাহমিনা খবির। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করে সেখ সালাহউদ্দিন জুয়েল, তাঁর তিন ভাই ও এক বোন, তিন ভাইয়ের স্ত্রী ও সন্তানরা দুর্নীতির আশ্রয় নিয়ে মানি লন্ডারিং করে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। এটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অপরাধ।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এসব ব্যাংক হিসাব, এমএফএস ও বিও হিসাবের লেনদেন গত ৩০ নভেম্বর পর্যন্ত সপ্তম ও শেষবারের মতো স্থগিত রাখা হয়েছিল। সুষ্ঠু তদন্তের স্বার্থে এই হিসাবসহ সংশ্লিষ্ট সঞ্চয়পত্র ও লেনদেন তথ্য জরুরি। তাই আদালত অবরুদ্ধের আদেশ দিয়েছেন।

