রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা মোট ৪১টি হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (১১ জানুয়ারি) সিআইডি পুলিশের আবেদনের পর ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডি পুলিশের পক্ষে ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বিভাগের ইন্সপেক্টর মোহাম্মদ কামরুজ্জামান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ ও অর্থপাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ২ (শ) ধারার আওতাভুক্ত সম্পৃক্ত অপরাধ।
আবেদনে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক অনুসন্ধানে এমন সাক্ষ্যপ্রমাণ মিলেছে যে খায়রুজ্জামান লিটন তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর করেছেন। ওই অর্থ দিয়ে সম্পদ অর্জন এবং ভোগবিলাসে ব্যয় করা হয়েছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে মামলার অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ যেন উত্তোলন বা অন্যত্র স্থানান্তর করা না যায়, সে জন্য হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত আবেদনটি আমলে নিয়ে হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

