বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার মো. আব্দুল হালিম ও সাবেক অতিরিক্ত সচিব মো. সবুর হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন সংশ্লিষ্ট দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, পল্লী বিদ্যুতায়নের কার্যক্রমের আওতায় পাঁচ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন এবং মিটার যোগাযোগ ব্যবস্থা স্থাপন প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
এই অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
দুদক জানায়, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। এতে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে মো. আব্দুল হালিম ও মো. সবুর হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন।

